যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ ঘিরে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক

fec-image

সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ প্রক্রিয়া। আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, সংঘাত নিরসনে সংলাপই সবচেয়ে কার্যকর পথ এবং এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন মোহাম্মদ বিন সালমান। এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিফ মুনির-এর কূটনৈতিক উদ্যোগেরও স্বীকৃতি দেন তিনি।

বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। জ্বালানি, বিনিয়োগ, প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় পাকিস্তানের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণ নিয়েও কথা হয়।

এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কের টানাপোড়েন এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। তাদের মতে, চলমান সংলাপ সফল হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, জেদ্দার এই বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র–ইরান সংলাপে অগ্রগতি হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের নতুন সুযোগ তৈরি হতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, সৌদি আরব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন