রাঙামাটিতে শিশু বলাৎকারের অভিযোগে ৪ কিশোর আটক


রাঙামাটি শহরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ জুন) এমন তথ্য নিশ্চিত করেছে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
ওসি বলেন, বুধবার (৩ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে জেলা শহরের রিজার্ভবাজার এলাকা থেকে অভিযুক্ত চার কিশোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. দিহান (১৫), মো. কাউছার (১৫), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৬)।
ভিকটিম পরিবারের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতনের শিকার করা হয়।
অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে পুনরায় বলাৎকার চেষ্টা চালায়। এ সময় শিশুটি বিষয়টি তার অভিভাবকদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ওসি মো: জসিম উদ্দিন বলেন, আটক কিশোরদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
















