মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে জীপের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:
খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিস্ট হয়ে লিটন চাকমা (১৯) নামে এক জিপের হেলপার নিহত হয়েছে। শুক্রবার(১৩এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন চাকমা পানছড়ির জগানশ^র পাড়ার অধিবাসী ফুলোময় চাকমার ছেলে।
মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তিপরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলাবাহী জিপ (বগুড়া-২০৭৬) ও খাগড়াছড়িগামী ট্রাক (ঢাকামেট্টো-ট-১৮-২৫১০) দুর্ঘটনা কবলিত হয়। এসময় জিপের সামনের সিটে বসে থাকা হেলপার লিটন চাকমা মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিস্ট হয়। এসময় পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক মো. আবুল হোসেন ও হেলপার গা ঢাকা দিয়েছে জানিয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

















