মোসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীরা জড়িত থাকতে পারে : সালাহউদ্দিন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন চায় না, তারাই স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। মুসাব্বির হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে।
মোসাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন বলেন, মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারাজীবন যা কিছু প্রয়োজন— তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছি।

















