‘রবিদাস’ জনগোষ্ঠীকে জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়ায় ৮ সংগঠনের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য চট্টগ্রামের ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ১২ মার্চ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ‘রবিদাস’ সম্প্রদায়কে জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের ৮ সংগঠন-এর পক্ষ থেকে ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে বলা হয়েছে, ‘এ সরকার সংবিধান স্বীকৃত সকল ধর্ম বর্ণের অধিকার প্রদানে ব্যর্থ, বরং ভেদাভেদ ও বৈষম্য জিইয়ে রাখতে নানাভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে। দেশে সবচেয়ে অবহেলিত উপেক্ষিত ও নির্যাতিত প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে রবিদাস সম্প্রদায়। দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নতির জন্য আলাদাভাবে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার পরিবর্তে তাদের জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এতে এ সম্প্রদায়কে শুধু উপেক্ষাই করা হয় নি, তাদের অস্তিত্বকেও সরকার স্বীকৃতি দিচ্ছে না, যা অত্যন্ত নিন্দনীয়।’

৮ গণসংগঠনের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাইকেল চাকমা ও অংগ্য মারমা; বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে থুইক্যচিং মারমা ও রিটন চাকমা; হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা (২), সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন