কাঁটাতারের ভেতরে

রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ

fec-image

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং,লম্বাশিয়া ও মধুরছড়া এলাকায় বিনানোটিশে রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত ৩ শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ১ নং ইস্ট/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে সহস্রাধিক স্থানীয় বাসিন্দা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে ক্যাম্পে প্রবেশ ও বের হওয়ার কয়েকটি প্রধান রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, গতকাল (১৫ জুন) রবিবার সকালে অতর্কিত অবস্থায় ক্যাম্পের ভেতরে কুতুপালং লম্বাশিয়া-মধুরছড়া গ্রামে বসবাসরত ৩ শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ১নং ইস্ট/ওয়েস্ট ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ শরীফুল ইসলাম (উপসচিব পদমর্যাদা)। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে কাঁটাতারের ভেতরে বসবাস করলেও তারা ন্যায্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত এসব সমস্যার সমাধান এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, “যদি কেউ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু কোনো নোটিশ ছাড়াই শত শত পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা গ্রহণযোগ্য নয়। স্থানীয়রা যদি বিদ্যুৎ ব্যবহার করতে না পারে, তাহলে রোহিঙ্গা ক্যাম্পের অফিস, এনজিও ও হাসপাতালেও বিদ্যুৎ সংযোগ থাকার প্রশ্ন ওঠে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট সিআইসিকেই নিতে হবে।”

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ‘যদি কেউ বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধ কর্মকান্ড করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত কিন্তু এভাবে একচেটিয়া আচরণ অন্যায়।’

অন্যদিকে সিআইসি শরীফুল ইসলাম জানান, পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সংযোগ গুলো কেটে দিয়েছে। তবে এব্যাপারে পল্লীবিদ্যুৎ এর ডিজিএম কায়জার নুরের সাথে বারবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, সিআইসি শরিফুলকে ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবিষয়ের সার্বিক খবরাখবর রাখছেন দ্রুতই বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করা হবে।’

এসময় সরওয়ার জাহান চৌধুরী সমস্যা সমাধানে আশ্বাস দিলে দুপুরের দিকে বিক্ষোভ শেষ করার সাথে ক্যাম্প প্রবেশমুখ থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন