রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে তুরস্ক প্রতিনিধি দল


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্ডোয়ানের পুত্র বিলাল এর্ডোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুট ওৎজ়িল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশেষ বিমানে করে এর্ডোয়ানরা কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিং করেন বিলাল এর্ডোয়ান। এসময় তিনি মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, তুরস্কের সরকার ও জনগণ রোহিঙ্গা শরনার্থীদের পাশে থাকবে এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
পরে তাঁরা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। এ ছাড়া ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তাঁরা। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে তারা একটি সংক্ষিপ্ত প্রীতি ফুটবল ম্যাচ রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান এবং রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে রমজান মাসের প্রথম ইফতারে যোগদান করবেন।

















