লিবিয়ায় মাফিয়া চক্রের কাছে বিক্রি হওয়া পেকুয়ার যুবক ইন্টারপোলের সহায়তায় ফিরলেন দুই বছর


কক্সবাজারের পেকুয়া উপজেলার নাবিরুল ইসলাম ফাহিম (প্রকাশ বাপ্পু) নামে এক যুবককে ইতালি নেওয়ার প্রলোভনে মানব পাচারের শিকার হয়েছিল। লিবিয়ায় মাফিয়া চক্রের কাছে বিক্রি হওয়া ওই যুবককে প্রায় ২ বছর পর ইন্টারপোলের সহায়তায় উদ্ধার করা হয়। পরে বাংলাদেশ পুলিশের সমন্বিত উদ্যোগে ভিকটিম বাপ্পুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
জানাগেছে, মানব পাচারের শিকার হওয়া যুবক নাবিরুল ইসলাম ফাহিম (প্রকাশ বাপ্পু) গত ২০২৪ সালের ২৭ জুলাই একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাচার করে মাফিয়া চক্রের নিকট বিক্রি করে দেয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা ভিকটিমের মায়ের কাছে ফোন দিয়ে ছেলেকে ফেরত পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পেকুয়া থানায় ১২ জনকে আসামি করে একটি মানব পাচার মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর পেকুয়া থানা পুলিশ এজাহারভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে ভিকটিম উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশের এআইজি (এনসিবি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-এর সমন্বয়ে ইন্টারপোল, আইওএম এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় মানব পাচারকারী মাফিয়া চক্রের হাত থেকে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
প্রায় দুই বছর ধরে বন্দি অবস্থায় থাকার পর অবশেষে ভিকটিমকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়। তিনি ২৪ জুন ২০২৬ তারিখে বাংলাদেশে পৌঁছান বলে কক্সবাজার জেলা পুলিশ তাদের ফেসুবক পোস্টে বিষয়টি অবগত করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি লিবিয়ায় মাফিয়া চক্রের কাছে বিক্রি হওয়া পেকুয়ার যুবককে ইন্টারপোলের সহায়তায় উদ্ধার এবং দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
















