সুজনের আয়োজনে নাগরিকদের মুখোমুখি রাঙামাটির প্রার্থীরা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে রাঙামাটি আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাঙামাটি পৌরসভা সংলগ্ন উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ মুখোমুখি অনুষ্ঠানে রাঙামাটির সাতজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী অংশ নেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, তিনি নির্বাচনে জিততে পারলে অত্র অঞ্চলে পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পর্যটন শিল্পের উন্নয়ন এবং উন্নয়নের জন্য আঞ্চলিক পরিষদের সঙ্গে তিন পার্বত্য জেলা পরিষদের সমন্বয় করা হবে।
কোদাল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং রাঙামাটি আসনের একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা বলেন, তিনি নির্বাচনে জিততে পারলে পরিচ্ছন্ন রাঙামাটি গড়ে তুলবেন। পাশাপাশি নিজ জেলাকে ঘুষ ও বেকারমুক্ত করবেন এবং গ্রাম তথা তৃণমূল থেকে অর্থনৈতিক উন্নয়নভিত্তিক অঞ্চল গড়ে তুলবেন।
নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে রাঙামাটি শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন। হামলা-মামলামুক্ত পরিবেশ সৃষ্টি এবং হেডম্যান-কারবারিদের উন্নয়ন করবেন বলে জানান।
গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এম. এ. বাশার বলেন, মডেল রাঙামাটি শহর গড়ে তোলা এবং পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা হবে।
এর আগে কোন প্রার্থী আগে বক্তব্য দেবেন, তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়া জনগণ প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করার সুযোগ পান। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক দীলিপ কুমার সরকার।
এমপি প্রার্থীদের দায়িত্ব সম্পর্কে অঙ্গীকারনামা পড়ে শোনান অ্যাডভোকেট কক্সী তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-এর রাঙামাটি জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা। এ সময় সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. জিসান বখতিয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

















