ঈদগাঁওতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু হুজাইফা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস নাপিতখালী রিজার্ভ পাড়ার দুবাই প্রবাসী হাকিম মিয়ার একমাত্র সন্তান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে এ পানিতে ডুবির ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা বাহাদুর জানান, দুপুরের দিকে শিশু হুজাইফা পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে নেমে পড়ে। দীর্ঘক্ষণ তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানের আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
পরে ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন ইশার নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয় বলে নিশ্চিত করেন নিহত শিশুর চাচা ব্যবসায়ী মৌলভি নজরুল ইসলাম।
দীর্ঘ সংসার জীবনে এ শিশু সন্তানটির জন্ম হয়েছিল এ দম্পতির ঘরে। একমাত্র সন্তানটির এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

















