ঈদগাঁওয়ের ইসলামপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু


কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় বজ্রপাতে নুরুল হুদা নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী রেললাইন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম নাপিতখালীর মরহুম ছিদ্দিক আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নুরুল হুদা ধান ক্ষেতের প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়। বেলা সাড়ে ১২টার দিকে ভারি বৃষ্টিপাতের সাথে আকস্মিক বজ্রপাত শুর হয়। এসময় নুরুল হুদা আকস্মিক বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুল হুদা একাধিক সন্তানের জনক। তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরিচিত মুখ হওয়ায় সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, সে সদা হাস্যজ্বল ও মিষ্টভাষী ছিল। যার কারণে যে কেউ তাকে পছন্দ করত। মাঝে মধ্যে সে সংসারের প্রয়োজনে ইজিবাইক তথা টমটমও চালাত বলে জানিয়েছেন।
ইসলামপুরের নবনির্বাচিত চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন জানান, তিনি একটি জরুরী মিটিংয়ে থাকাবস্থায় এ আকস্মিক দুর্ঘটনার সংবাদ পেয়েছেন এবং তিনি ইতিমধ্যে নিহতের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তিনি এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারে প্রতি সমবেদনা জানান।

















