কক্সবাজারে আশ্রয়শিবিরে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা


কক্সবাজারের টেকনাফে আশ্রয়শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হৃীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলম (৪৭) টেকনাফের হৃীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সকালে টেকনাফে হৃীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫-৬ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এতে তার মাথার খুলি উপড়ে গিয়ে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
ওসি আরো বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

















