কাপ্তাইয়ের পাহাড়ে আরবের বিখ্যাত আলু বোখারা

মো. রেজাউল করিম, কাপ্তাই:
কাপ্তাইয়ে পাহাড়ী মাটিতে উৎপাদন হচ্ছে আরবের বিখ্যাত মশলাজাতীয় ফল আলু বোখারা। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ রাইখালী কৃষি গবেষনা কেন্দ্রের বাগানে কৃষি বিজ্ঞানীদের সফল গবেষনায় আলু বোখারা গাছে ধরতে শুরু করেছে এখানে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সকল দেশে অভিজাত মশলা জাতীয় ফল আলু বোখারা কাপ্তাইয়ের সবুজ পাহাড়ী এলাকায় ফলতে শুরু করায় স্থানীয় কৃষি ও উদ্ভিদ বিজ্ঞানীরা এটিকে তাদের গবেষনার সাফল্য হিসেবে দেখছেন।

কাপ্তাই রাইখালী কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম হারুনুর রশিদ পার্বত্য নিউজ ডটকমকে জানান, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে আলুবুখারা একটি দামী ও অতি কম উৎপাদনশীল মশলাজাতীয় ফল। এই ফলের বৈজ্ঞানিক নাম Prunus Domestica, এটি Rosaceae (Rose Family) পরিবারের অন্তভূক্ত একটি উদ্ভিদ। আলু বোখারা পোলাও, বিরিয়ানি, রোস্ট, সালাদ, জ্যাম, জ্যালি, আচার এবং বোরহানিসহ নানা অভিজাত খাবার তৈরিতে অপরিহার্য। বাংলাদেশে এই ফলটি সাধারনত ভারত থেকে আমদানি করা হয়। ভারতের দার্জিলিং-এর কিছু কিছু এলাকায় আলু বোখারার চাষ হয়। তবে আলু বোখারা সবচেয়ে বেশি উৎপাদন হয় ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।

রাইখালী কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদতত্ত্ব) শ্যামা প্রসাদ চাকমা জানান, ইরান থেকে ব্যক্তিগত উদ্যোগে আলু বোখারার বীজ এনে কাপ্তাইয়ে রাইখালীতে ক্ষুদ্রপরিসনে আলু বোখারার চারা উৎপাদন করা হয়। কৃষি কর্মকর্তাদের গবেষনার মাধ্যমে সফল প্রচেষ্টায় মাত্র ৩ বছরের কাপ্তাইয়ে পাহাড়ী এলাকায় আলু বোখারা গাছে ফল ধরানো সম্ভব হয়েছে। গবেষকরা জানান, প্রাথমিক গবেষনায় মনে হয়েছে কাপ্তাইয়ে পাহাড়ি মাটিতে আলু-বোখারার সফল চাষাবাদ সম্ভব। এই ফলটি অভিজাত এবং বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি ফলের অর্থমুল্য বেশি থাকায় এই ফলের বাণিজ্যিক উৎপাদনে কৃষকরা অনেক বেশি লাভবান হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন