সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে সজাগ থাকতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন


খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরীকে ধ/র্ষ/ণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা।
একই সাথে সংগঠনটি মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
১৯ জুলাই ২০২৫ সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন জেলা শাখার ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. মোশারফ হোসেন। এ সময় ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন বক্তারা।
তারা অভিযোগ করে বলেন, ধর্ষক কোনো দল, জাত বা গোষ্ঠীর হতে পারে না। অথচ একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত ইন্ধনে পাহাড়ে সব ঘটনার অভিযোগ, দায় ও দোষ চাপিয়ে দেয় বাঙালি জনগোষ্ঠীর উপর। যা অত্যন্ত দুঃখজনক। এমন মিথ্যাচার ও দোষারোপ এবং সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে গত ৪ জুলাই জেলার মানিকছড়ির বাটনাতলী থেকে সোহেল নামের এক মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের ১২ দিন পর লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় সংগটনটির নেতৃবৃন্দ।

















