খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া মাঠে ইউপিডিএফ সভাপতি ও ২৯৮-খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র (হাতি) প্রতীকের প্রার্থী প্রসিত বিকাশ খীসা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শুরু হয়।
পরে অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে ইউপিডিএফের কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও উজ্জ্বল স্মৃতি চাকমা। এরপর জুম্ম জনপ্রতিনিধি সংসদ, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ ও শিশু-কিশোররা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রসিত বিকাশ খীসা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় প্রসিত বিকাশ খীসা স্বনির্ভর মাঠে শিশু র্যালী উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রসিত খীসা বলেন, আমাদের ক্ষমতা সীমিত, পার্টি হিসেবে আমারা প্রশাসনিক ক্ষমতা পালন করিনা, রাজনৈতিক ক্ষমতাও আমাদের নেই। কিন্তু আমরা চাই এর মধ্য দিয়ে অন্যরাও যাতে সহযোগীতায় এগিয়ে আসে এবং এই বোধ জাগ্রত হয়। বক্তব্য শেষে আকাশে বেলুন উড়ানো হয়।
পরে “আমরাও চাই উন্নত শিশুদের সমকক্ষ হতে” শ্লোগানকে ধারণ করে অগ্রগামী শিশু কিশোর সমাবেশ’র ব্যানারে স্বনির্ভর মাঠ থেকে ব্যাপক পুলিশী নিরাপত্তায় বর্ণাঢ্য শিশু র্যালি বের হয়। র্যালিটি উপজেলা হয়ে চেঙ্গী স্কোয়ার গেলে পুলিশ বাঁধা প্রদান করে বলে ইউপিডিএফ’র প্রচার প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান। র্যালিটি মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে থেকে ঘুরে এসে ঘুরে এসে একই স্থানে এসে মিলিত হয়।



















