খাগড়াছড়িতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন ও অবরোধ চলাকালে দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের নির্যাতনে মারা যাওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন।
খাগড়াছড়ি বাজারস্থ আদালত সড়কস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় জেলা শহরে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্ত্বরসহ জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেসে একই স্থানে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপি সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরাসহ বিএনপি নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে অন্যান্য দিনের চেয়েও ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ সরকার ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের সাথে তামাশা করছে। এ তামাশা বন্ধ করে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ডাকে ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে ২৯ ডিসেম্বর ঢাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে এ আন্দোলন সফল করতে খাগড়াছড়িবাসীকে আহবান জানান। পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন বন্ধ করা না হলে খাগড়াছড়িতে কঠোর ও লাগাতার কর্মসূচিও দেয়া হবে বক্তারা বলেন। এছাড়াও এ নির্বাচন খাগড়াছড়িবাসী বয়কট করেছে বলে উল্লেখ করা হয় সমাবেশে।



















