গরু চরাতে গিয়ে বন্য হাতির আক্রমণে স্কুল শিক্ষার্থীর মৃত্যু


রাঙামাটির কাপ্তাইয়ে গরু চরাতে গিয়ে বন্য হাতির আক্রমণে অংশেহ্লা মারমা (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষার্থী চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
৩২২ নং নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চরাতে গিয়ে এক শিক্ষার্থী বন্য হাতির সম্মুখীন হয়েছিলেন। সেসময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমণ করে বসে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান, খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করছি সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

















