গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে


গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল ১১টার পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে, এদিন সকাল দশটায় মার্কেটটির পাঁচ তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ধাপে ধাপে সেখানে পৌঁছায় ১১টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
সরেজমিন দেখা গেছে, আগুনের খবরের পর মার্কেটের আশপাশে প্রচুর উৎসুক জনতা ভিড় করে। তবে সেখানে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে সেটাও জানা যায়নি। তবে দ্রুতই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানা গেছে।
সকাল ১০টায় সরেজমিনে পার্বত্যনিউজের এ প্রতিবেদক মার্কেটের পঞ্চম তলার পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন। এতে দোকান মালিক-কর্মচারীদের মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও আশপাশের মানুষেরা মার্কেটের সামনে ভিড় করে। মানুষ ও যানবাহনের ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মার্কেটের সামনে এসে অবস্থান নিতে দেখা যায়। ঘণ্টা খানেকের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

















