চকরিয়ায় যুবকের পায়ুপথ হতে ১৯০০ ইয়াবা উদ্ধার!


কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারের সময় মোহাম্মদ আজাদ (৩৭) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের পায়ুপথ থেকে একে একে বের করা হয় ১৯০০ ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে তল্লাশী চৌকি বসিয়ে অভিযানের সময় তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত পাচারকারী যুবক আজাদ নোয়াখালীর সুধারাম উপজেলার কাঞ্চনপুর ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আমিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে থানা পুলিশের একটি টিম অভিযানের অংশ বিশেষ মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশ তল্লাশীকালে মোহাম্মদ আজাদ নামে এক যুবকের সন্দেহ হলে তাকে আটক করেন। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে পুলিশের কাছে তিনি স্বীকারোক্তি দেন।
পরে ধৃত যুবক আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসামীকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করে তার পায়ুপথ হতে একে একে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটের পুঁটলি বের করে। পরবর্তীতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, চকরিয়ায় মহাসড়কে পুলিশের অভিযানে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

















