জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

fec-image

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আরও সাশ্রয়ী ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি সভা, কর্মশালা, প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে।

একই সঙ্গে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সরকার মনে করছে, এ ব্যবস্থার ফলে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমবে, জ্বালানি তেলের ব্যবহার কমবে এবং সরকারি ব্যয়ও সাশ্রয় হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে সরাসরি সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় যৌক্তিকতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

এদিকে একই বিষয়ে গত ২২ এপ্রিল জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ববর্তী একটি সার্কুলার এই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন