টেকনাফে দেশীয় অস্ত্রসহ আটক ২


টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ ও পৃথক দুটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা এবং ইয়াবাসহ ২ জন দুষ্কৃতকারীকে আটক করেছে। আটক ব্যক্তিদ্বয়ের পরিচয় নিশ্চিত করেনি কোস্ট গার্ড। জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ১ জনকে আটক করা হয়।
এদিকে অপর একটি অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। গত রবিবার রাতে কোস্ট গার্ড জানান, রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করে।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদ্বয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
















