ডাকসু নির্বাচন নিয়ে গুজবের শঙ্কা


ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব হতে পারে বলে শিক্ষার্থীদের সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গুজব একটি সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটেনি, কিন্তু চারদিকে গুজব ছড়িয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব হতে পারে—অমুক প্রার্থী চলে গেছে, অমুক প্রার্থী আরেকজনকে সমর্থন করছে। তাই ছাত্রছাত্রীদের নির্বাচন ঘিরে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন শিক্ষার্থী।


















