ঈদগাঁওয়ে ডাকাতি : স্বর্ণালঙ্কার ও গরু লুট


ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি ও গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদে আযান দিতে যাওয়ার পথে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদ হোসেনকে রাস্তায় পাহারায় থাকা সশস্ত্র ডাকাত সদস্যরা জিম্মি করে। পরে পাশের মরহুম বজল আহমদের বসতভিটার গেইটের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর প্রতিবেশী মরহুম রজি উল্লাহর ছেলে বেলাল উদ্দিনের গোয়াল ঘরে থাকা আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু লুট করে। এ সময় টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে মহিলাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতেরা গাড়িযোগে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি থানার ওসিকে অবহিত করেছেন।
উল্লেখ্য, মাস তিনেক আগেও একই এলাকার আবদু ছমদের গোয়াল ঘর থেকে ৪টি গরু ডাকাতি হয়।
















