ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

fec-image

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর)  দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে। এ বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার এ বিষয়ে কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই তথ্যও এখনো কমিশনে পৌঁছেনি। সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

পিআর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছি’।

তিনি আরও বলেন, ‘নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে বিভিন্ন প্রতীকের তফসিল থাকে। সময় সময় নির্বাচন কমিশন এসব প্রতীক পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। বিধিমালা আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি’।

ইসি আনোয়ারুল জানান, নভেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি কারাবন্দি আসামিরাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনকে ঘিরে কোনো অপতথ্য বা গুজব যেন ছড়ানো না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা করে’।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ, তফসিল, নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন