ঢাকায় আমেরিকা সপ্তাহ ২০২৬ শুরু


যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে সাতদিনব্যাপী আমেরিকা সপ্তাহ ২০২৬ উদযাপনের ঘোষণা দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। আজ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রিডম ২৫০ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে।
এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রিডম ২৫০ কনসার্ট, যেখানে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাস। এছাড়া ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে আমেরিকান ফেয়ার এবং সিলেটে উদ্বোধন করা হবে ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনী।
বিবৃতিতে আরো বলা হয়, সপ্তাহব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে দেশজুড়ে আরো বিভিন্ন সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র দূতাবাস।















