ঢালিউডে নতুন জোয়ার

 

রুদ্র হক: ঢালিউডের এখন নতুন যৌবন।দীর্ঘদিনের জড়তা ভেঙে যেন আবার নতুন যৌবনে ফিরছে। ডিজিটাল পর্দার পাশাপাশি নতুন চলচ্চিত্র, নতুন প্রযুক্তি, নতুন বিনিয়োগে যেন নতুন করে সাজতে চাইছে।

তাই রঙ্গিন এ দুনিয়ায় রঙ ছড়াতে প্রতিনিয়ত আসছেন নতুন নতুন নায়িকা। ছোট পর্দার গ্ল্যামার কন্যারাও ভিড়ছেন ঢালিউডে। তাই দিন ফুরচ্ছে মৌসুমী-শাবনুর-পপি-অপু বিশ্বাসদের। দিন ফুরচ্ছে কেননা, ঢালিউড মানেই তামিল ছবির মতো একটু মোটাসোটা মাংসবহুল নায়িকা এমন আর ভাবছেন না দর্শক।

পর্দায় এখন স্লিম ফিগারের নায়িকাদের কদরই বেশি। হালের বলিউড নায়িকাদের দেখে সে শিক্ষাই নিচ্ছেন হয়তো পরিচালক প্রযোজকরা। পুরনোদের ভুলে নতুনদের প্রতিই তাই তাদের এখন মনোযোগ।

কিন্তু শুধু ফিগার দিয়েই নয় এ সময়ের নতুন নায়িকাদের অনেকেই নিজের অভিনয়, গ্ল্যামার, ফিগার, যে কোনো চরিত্রে অভিনয় করার সক্ষমতা দিয়ে নিজেদের প্রমাণ করেছেন ইতিমধ্যেই। যা দেখে বলা যায়, এরাই হয়তো শাসন করতে যাচ্ছেন ভবিস্যৎ ঢালিউড।

তেমন পাঁচজন উঠতি নায়িকাকে নিয়ে বাংলামেইলের পাঠকের জন্য আজকের এ আয়োজন-

ঢালিউডে রাজত্ব করছেন ববি

ইফতেখার চৌধুরীর ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির নায়িকা হয়ে বড় পর্দায় অভিনয়ে আসেন ববি। ছবিতে তিনি দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেন। পরবর্তী সময়ে তাকে অনেকটা সময় আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। চলতি বছর ‘দেহরক্ষী’ ছবির মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবারও বড়পর্দায় আসেন ববি। ছবিতে কাজী মারুফ ও আনিসুর রহমান মিলনের বিপরীতে ববির একক নায়িকা হয়ে উপস্থিতি এবং গ্ল্যামারের ঝলকানি পাগল করেছে দর্শকদের। তারপরই ববিকে নিয়ে একের পর এক ছবি নির্মাণ শুরু করেন একাধিক নির্মাতা। সেই ধারাবাহিকতায় ববি এখন ব্যস্ত মালেক আফসারির ‘ফুল অ্যান্ড ফাইনাল’,রাজু চৌধুরীর পরিচালনায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’,ইফতেখার চৌধুরীর ‘রাজত্ব’ নিয়ে।  ববি অভিনীত নির্মাণাধীন চলচ্চিত্রগুলো হলো- ‘না বলা ভালোবাসা’,‘মেন্টাল’, ‘ডার্লিং’, ‘ওয়ান ওয়ে’, ‘সালাম মালয়েশিয়া’সহ আরও কয়েকটি ছবি। সময়ের সবচেয়ে দামি নায়ক শাকিব খানের সঙ্গে তিনটি চলচ্চিত্রে কাজ করছেন ববি।এছাড়াও আনিসুর রহমান মিলন ও ইমনের সঙ্গেও কাজ করছেন।

বৃহস্পতিবার বাংলামেইলকে ববি বলেন, ‘এই মুহূর্তে শাকিবের সঙ্গে ‘রাজত্ব’ চলচ্চিত্রের শ্যুটিং এ আছি। প্রচুর কাজের অফার আসছে। কিছু কাজ নিয়েতো ব্যস্ত আছিই। হাতে আরো ছয় সাতটা ফিল্ম আছে।বেছে বেছে ভালো কাজগুলো করতে চাই।’

জনপ্রিয় হয়ে উঠছেন মাহি

মাহি মানেই সিনেমা হিট! এমন কথা এখন বলাই যায়। মাহি অভিনীত এমন কোনো সিনেমা নেই যা দর্শক গ্রহণ করেনি। পর পর তিন ছবির সাফল্য এবং আলোচনার দিক থেকে হ্যাটট্রিক করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথম শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে যাত্রা করে নিজের অভিষেকটাই যেন জমজমাট করে তোলেন তিনি। ভালোবাসার রঙে খামখেয়ালি স্বাধীনচেতা চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রীর দ্বিতীয় ছবি ‘অন্যরকম ভালোবাসা’য় দর্শকের সামনে আসেন আরো একটু অন্যরকমভাবে। আর সদ্য মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে যেন নতুন এক মাহিকে দেখতে পেলেন দর্শক। শহরের চাকচিক্য আধুনিক গেটআপ থেকে বের হয়ে পরী সাজে দর্শককে মুগ্ধ করেন মাহি।  আর পোড়ামনের মাধ্যমে মাহি প্রমাণ করে দিলেন যেকোনো নায়কের বিপরীতেই সফল হতে পারেন তিনি।

মাহির প্রথম দুই ছবির নায়ক ছিলেন বাপ্পি। আবার পোড়ামনে তার বিপরীতে ছিলেন সাইমন। আর ঈদের ব্যবসাসফল ছবি ‘ভালোবাসা আজকাল’ এ শাকিবের বিপরীতে মাহি যেন উজ্জ্বল হয়ে ধরা দিলেন। তাই সব মিলে মাহির উপস্থিতি চলচ্চিত্র জগতে তৈরি করেছে নতুন সম্ভাবনা।  নতুন ছবি নির্মাণের ক্ষেত্রে ইদানীং মাহিকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন নির্মাতারা। এরই মধ্যে মাহির শিডিউল খাতায় যুক্ত হয়েছে অনেকগুলো নতুন ছবির নাম। মাহি বলেন, ‘অনেকগুলো ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছি। কিছু ছবির কাজও শুরু করেছি। হাতে রয়েছে ‘অগ্নি’,‘জানেমান’,‘দেশা এবং দবির সাহেবের সংসার’। এগুলোর কাজ কিছুটা গুছিয়ে নিয়েই নতুন ছবির কাজে হাত দেব।’

সন্তর্পণে এগোচ্ছেন আলিশা প্রধান

‘৬৯ পাতলা খান লেন’ চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে তার যাত্রা শুরু হয় চলচ্চিত্রে। কিন্তু বিপিএলের সঞ্চালনার দায়িত্বে যোগদানই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ চলচ্চিত্রে ডাক পান এ অভিনেত্রী।সম্প্রতি চলচ্চিত্রটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। আসন্ন কুরবানি ঈদে পর্দায় অভিষেক ঘটছে আলিশা প্রধানের।

বৃহস্পতিবার আলিশা বাংলামেইলকে বলেন,‘আমি আসলে আমার সবটুকু দিয়েই অভিনয়টা করতে চাই। কিন্তু একজন পরিচালক যদি আমার টেলেন্টটা ভালোভাবে ব্যবহার করতে না পারেন সে ব্যর্থতা তারই। এ জন্য আমি খুব সাবধানে পা ফেলছি। খুব বাছাই করে করে কাজ কাজ করছি। কেননা আমি জানি, আমি কতদূর যাবো বা কতদূর যেতে চাই।’

কিছুদিনের মধ্যেই আলিশা চাষী নজরুলের আরেকটি নতুন চলচ্চিত্র ‘কোথায আছো কেমন আছো’র শ্যুটিং শুরু করতে যাচ্ছেন । আলিশা জানান, সম্প্রতি দু’টি বহুজাতিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থার সাথে দু’টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও দেশি দু’জন পরিচালকের আরো দু’টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সবক’টি চলচ্চিত্রই সাড়া ফেলবে বলে মনে করছেন আলিশা।

বৈচিত্র্য অন্বেষণে পিয়া

মিডিয়ায় পিয়ার শুরুটা মডেলিং দিয়ে। র‌্যাম্পে হাঁটতেন। র‌্যাম্পের স্টেজে হাঁটতে হাঁটতে পিয়া একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্বের বড় বড় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। জিতেও নিয়েছেন আসরের শীর্ষস্থান। ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় অংশ নেন জার্মানির টপ মডেল অব দ্য ওয়ার্লড, সাউথ কোরিয়ার ওয়ার্লড মিস ইউনিভার্সিটি-২০১১, মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশানাল-২০১৩ তে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ সুন্দরীর চলচ্চিত্রে আগমন ঘটে রেদোয়ান রনির ‘চোরাবলি’র মাধ্যমে। প্রথম চলচ্চিত্রেই বাজিমাত। এ চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো সেরা সমালোচক পুরস্কারে ভূষিত হন পিয়া।

তার এখন ব্যস্ততা আশিকুর রহমানের পরিচালনায় নতুন ছবি ‘গ্যাংস্টার রিটার্ন’, ‘প্রবাসী প্রেম’,‘দ্য স্টোরি অব সামারা’ নামের তিনটি চলচ্চিত্রে।তিনটি চলচ্চিত্রেই পিয়াকে তিন রকম বৈচিত্র্যপূর্ণ চরিত্রে দেখতে পাবেন দর্শক। অসম্ভব গ্ল্যামারাস এ অভিনেত্রী ইতিমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে বেশ সাড়া ফেলেছেন।
পিয়া বলেন,‘আমি আসলে গতানুগতিক কাজ করতে চাই না। খুব চ্যালেঞ্জিং কাজ করতে চাই। যে কাজগুলো করছি সেগুলো তেমনই । আর চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক ভালো জায়গায় গিয়ে পৌঁছাক। হাতে যে কাজগুলো আছে সেগুলোর ব্যস্ততাতো আছেই । নতুন অনেকগুলো চলচ্চিত্রের ব্যাপারে দেশে ও দেশের বাইরের বিভিন্ন প্রযোজক ও প্রযোজনা সংস্থার সাথে কথা চলছে। চূড়ান্ত কিছু না হলে জানাতে চাই না।’

প্রতীক্ষার প্রহর গুণছেন অমৃতা

অমৃতার শুরুটা নাচ দিয়ে।মাঝে বিজ্ঞাপনের মডলে। শেষে এসে থামলেন অভিনয়ে।চলচ্চিত্রে আগমন ঘটে তার রয়েল অনিকের ‘গেইম’ চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন নিরব। আগামী কুরবানি ঈদেই মুক্তি পেতে যাচ্ছে এটি। সে পর্যন্ত অপেক্ষা করছেন অমৃতা। কেননা তিনি দর্শকদের প্রতিক্রিয়া বুঝেই এগোতে চান। তবে অমৃতা আত্মবিশ্বাসী, চলচ্চিত্রটি ব্যাপক সাড়া ফেলবে বলেই তার বিশ্বাস। এছাড়া যে চলচ্চিত্রটি দিয়ে সবার আগ্রহ ও কৌতুহল অর্জন করেছেন এ লাস্যময়ী অভিনেত্রী তা হলো ‘অন্তরে অন্তরে’।

সালমান শাহ ও মৌসুমীর জনপ্রিয় চলচ্চিত্রটির রিমেক করছেন পরিচালক আতিক রহমান। সে চলচ্চিত্রে মৌসুমীর জায়গায় অভিনয় করছেন অমৃতা। সে চলচ্চি্ত্রের শ্যুটিং নিয়েই এখন ব্যস্ততা তার। বললেন, ‘আমি যে কোনো ধরনের চ্যালেঞ্জিং কাজ করতে চাই। রোমান্টিকের পাশাপাশি অ্যাকশন মুভিতে কাজ করতে চাই বেশি বেশি। বাইরের দেশগুলোতে অ্যাকশন মুভির বাজারটা অনেক বড়। আমাদের এখানেও তেমন হওয়া উচিৎ।আধুনিক প্রযুক্তির বড় বাজেটের চলচ্চিত্র দরকার। প্রতিনিয়তই নতুন নতুন ছবির অফার আসছে। আমি পরিচালক প্রযোজকদের জানিয়ে দিয়েছি, ডিজিটাল ছবি ছাড়া অন্য কোনো ফরমেটে কাজ করবো না। এছাড়া ভালো গল্প মিলছে না।তাই অনেককেই ফিরিয়ে দিয়েছি। অপেক্ষা করছি ‘গেইম’ এর মুক্তির।’

সূত্র: বাংলা মেইল

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন