দীঘিনালায় ৬২টি সমিতিকে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুদান প্রদান
দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর উদ্যোগে উপজেলার ৬২টি সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জওহর লাল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা অ্যাকাউন্ট অফিসার অনুপ কুমার চাকমা এবং উপজেলা টিম লিডার অনির্বাণ চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, হেলেন কেলার এর পক্ষ থেকে প্রত্যেকটি সমিতিকে এককালীন অনুদান দিয়ে একটি তহবিল গঠন করে দেয়া হয়েছে। এ টাকাগুলো আপনাদের নিজেদের। এর থেকে নাম মাত্র লভ্যাংশ দিয়ে ঋণ নিতে পারবেন। এ সময় প্রত্যেকটি সমিতিকে টাকাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অনুরোধ জানান।
পরে তিনি উপজেলার এক হাজার দু‘শত পঞ্চাশটি পরিবারের সমন্বয়ে গঠিত ৬২টি সমিতির সভানেত্রী এবং সাধারণ সম্পাদীকার হাতে বিশ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক তুলে দেন।
উল্লেখ্য হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর মেকিং মার্কেটস ওয়ার্কস ফর উইমেন (এমটুডব্লিউটু) স্কেল আপ প্রজেক্টে’র উদ্যোগে কন্ট্রিবিউটরি গ্রুপ ফান্ড (সিজিএফ)-এর মাধ্যমে এ চেক প্রদান করে।


















