দোছড়ি সীমান্তে উপজাতি কাঠ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক উপজাতীয় কাঠ ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৬ জুন উপজেলার সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নের দুর্গম ক্রোক্ষ্যং চাকপাড়া থেকে ওই কাঠ ব্যবসায়ী অপহরণ হলেও গত রবিবার রাতে বিষয়টি জানাজানি হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২৭৬নং তরগু মৌজার পাইনছড়ি উক্যজাই হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা মৃত ক্যহ্লাঅং মার্মার ছেলে উহ্লামং মার্মা (৩৮) গত সোমবার (৬জুন) ক্রোক্ষ্যংচাক পাড়া থেকে ভাড়ায় মোটর সাইকেল যোগে ফেরার পথে অজ্ঞাত তিন ভদ্রবেশী ব্যাক্তি বহনকৃত গাড়ি থামিয়ে উহ্লামং মার্মাকে অপহরণ করে নিয়ে যায়।
নিখোঁজের স্ত্রী মাছাইং মার্মা জানান- প্রথমে তাঁর স্বামী নিখোঁজ বলে ধারণা করলেও মোটর সাইকেল চালক সাইফুল ইসলামের মাধ্যমে জানতে পারি অপরিচিত তিন ব্যাক্তি তাঁর স্বামীকে নিয়ে গেছে। এ ঘটনায় মাছাইং মার্মা বাদী হয়ে গত রবিবার (১২জুন) নাইক্ষ্যংছড়ি থানায় ৪৪৯ নং একটি সাধারণ ডায়েরী করেছেন।
জিডির বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো: শামীম জানান- উহ্লামং মার্মা গত ৬জুন বাড়ি থেকে বের হয়ে ক্রোক্ষ্যং চাক পাড়ার উদ্দেশ্যে বাহির হওয়ার পর আর ফেরত আসেনি মর্মে একটি আবেদন পেয়েছেন।
এদিকে উহ্লা মং মার্মাকে অপরিচিত তিন ব্যাক্তি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসনে টনক নড়ে। প্রত্যক্ষদর্শী মোটর সাইকেল চালক সাইফুল আলমের বর্ণনামতে অপহরণকারীরা মিয়ানমারের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য কিনা তাও গোপনে খতিয়ে দেখছে আইন শৃঙ্কলা বাহিনী।
তবে তদন্তের আগে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।


















