ধলঘাটার রানা ডাকাত র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার


মহেশখালীর মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক জলদস্যু নিহত হয়েছে। এ ঘটনায় ৭টি অস্ত্র ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে র্যাব-৭ এর টহল দলের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি ধলঘাটার সাপ মারার ডেইল এলাকার নুরুল হকের ছেলে।
র্যাব-৭ মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।
নিহত রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

















