নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় চলবে না: জামায়াত আমির

fec-image

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশের আপামর জনগণ পুরোনো, বস্তাপচা, দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়। সংস্কার চায়। নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না।’

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভাষানটেকের বিআরপি মাঠে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামানের পক্ষে এই ছাত্র-যুব ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আগামীতে জনগণ কোনো দলের পক্ষপাতদুষ্ট কোনো সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার, যে সরকারের নিয়োজিত প্রত্যেকটি ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পর জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না। যে সরকার দুর্নীতিতে জড়াবে না। যে সরকারের মদদপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না। যে সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নারী-পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে, ভূমিকা রাখবে। পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে। এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে।’

জামায়াতের এই শীর্ষ নেতার মতে, ‘বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশের পরিবর্তন এসেছে। মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে। বিদায় নেবে। আফসোসের বিষয় ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে।’

এ পর্যায়ে ফ্যাসিবাদ টিকে থাকার লক্ষণ হিসেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, নারীদের অসম্মান করা ও দেশকে গায়ের জোরে অস্থির করে তোলার কথা বলেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে তাদেরকে বাছাই করে নেবে। আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো, আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব।’

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মূল সমাবেশস্থলের অদূরে ছিল নারীদের বসার জায়গা। সেখানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য বড় পর্দায় প্রদর্শন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত আমির, নির্বাচন, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন