বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সাংসদ সাচিংপ্রু জেরী।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সাচিংপ্রু জেরী ৭৫ জন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর অনুদান তুলে দেন।
এসময় প্রধান অতিথি বান্দরবান-৩০০ আসনের সাংসদ সাচিংপ্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ডসহ অনেক জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন। ১০ লাখ টাকার অনুদানের তালিকার ক্ষেত্রে দলের সবচেয়ে বেশি মামলা-হামলার শিকার ও ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে তিনি জানান।
আর্থিক অনুদান বিতরণ শেষে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
এতে তিনি বলেন, পার্বত্য এলাকার পরিবেশ শান্ত রাখতে মিডিয়ার ভূমিকা অনেক বেশি। সকলকে সরকারের দিকনির্দেশনা মোতাবেক দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে কাজ করার নির্দেশনা দেন।
পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এ ছাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এবং নাইক্ষ্যংছড়ি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য নিজেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতুসহ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিএনপি নেতা নুরুল কাশেম, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।