পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ‘ঠাণ্ডা মাথার পরিকল্পিত খুন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, হামলাকারীরা ঘটনার আগে দীর্ঘ সময় ধরে এলাকাটি পর্যবেক্ষণ করেছিল। তবে তদন্তের স্বার্থে তিনি কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মধ্যমগ্রামের দোলতলা এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত চন্দ্রনাথ রথের গাড়ির গতিরোধ করে খুব কাছ থেকে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে চন্দ্রনাথ রথ ও তার গাড়িচালক বুদ্ধদেব বেরা গুরুতর আহত হন।
তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার শরীরে দুটি গুলি লাগে। একটি গুলি বুক ভেদ করে হৃদপিণ্ডে আঘাত করে এবং অন্যটি পেটে লাগে। আহত চালক বুদ্ধদেব বেরাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের পুলিশ মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্ত তাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “যেভাবে হামলাটি চালানো হয়েছে, তাতে স্পষ্ট এটি পূর্বপরিকল্পিত।”
দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, বিজেপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না। তিনি চান, পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করুক।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিজেপি কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। তার দাবি, তিনি হাসপাতালে অবস্থানকালে বসিরহাটে এক বিজেপি কর্মীকে গুলি এবং বরাহনগরে আরেক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় নেতা নীতিন নবীনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানান, হামলায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, গাড়িটির নম্বরপ্লেট বিকৃত ছিল এবং ব্যবহৃত নম্বরটি শিলিগুড়ির একটি গাড়ির নম্বরের নকল। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা ও তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, চন্দ্রনাথ রথ বাড়ি ফেরার পথে আততায়ীদের হামলার শিকার হন। ঘটনার পর পুরো পশ্চিমবঙ্গে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস