পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে পার্বত্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

fec-image

পার্বত্য জেলা পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর নিকট এ স্মারকলিপি প্রদান করেছে কোটা বিরোধী ঐক্যজোট।

রবিবার (৩ মার্চ) এই স্মারকলিপি প্রদান করা হয়।  এই সময় কোটা বিরোধী ঐক্যজোটের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের দাবিসমূহ উপস্থাপন করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এ সর্বশেষ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে। এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পরিষদ গঠিত হয়েছে নিয়োগ বা মনোনয়নের ভিত্তিতে। অথচ জাতীয় সংসদ, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা দুর্বল হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হলে পাহাড়ে আস্থা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংগঠনটির নেতারা মনে করেন।

এছাড়া শিক্ষক নিয়োগসহ শিক্ষা ও চাকরিক্ষেত্রে স্বচ্ছতা, সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা এবং সকল জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করার বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। সংগঠনটি জানায়, এসব বিষয় সামনে রেখে তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে।

স্মারকলিপিতে উল্লেখিত কোটা বিরোধী ঐক্যজোটের প্রধান দাবিসমূহ:

১. পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিষদ গঠন নিশ্চিত করা।

২. শিক্ষক নিয়োগসহ শিক্ষা ও চাকরিক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও মেধাভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করা।

৩. সরকারি উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।

৪. সকল জনগোষ্ঠীর সমঅধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহীম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল, সদস্য আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সময় নেতৃবৃন্দ বলেন, কোটা বিরোধী ঐক্যজোট একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রয়োজনে যে কোনো ভূমিকা ও আত্মত্যাগ করতে তারা প্রস্তুত আছেন বলেও জানান।

তারা আশা প্রকাশ করেন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে সরকার দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন