পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ১৩তম সম্মেলন সম্পন্ন : ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন
ডেস্ক নিউজ :
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ১৩তম কাউন্সিল আজ শুক্রবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিপুল চাকমাকে সভাপতি, রজেন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও রতন স্মৃতি চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
“আন্দোলন ধ্বংসের ষড়যন্ত্রে যুক্ত সরকারের দালাল সুবিধাবাদী ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং অধিকার আদায়ের লক্ষ্যে পিসিপি’র পতাকাতলে সমবেত হোন” এই শ্লোগানে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে উমেশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রজেন্টু চাকমা।
সম্মেলন শুরুতে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আন্দোলন করতে গিয়ে যারা গ্রেফতার হয়ে পরে মুক্তি লাভ করেছেন তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সম্মেলনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে পিসিপি’র নেতা-কর্মীরা যোগ দেন।
সম্মেলন শেষে স্বনির্ভর বাজার থেকে নতুন কমিটির নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নারাঙহিয়া, উপজেলা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে নতুন কমিটির সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক রজেন্টু চাকমা বক্তব্য রাখেন। এরপর র্যালিটি আবারো স্বনির্ভর বাজারে এসে শেষ হয়।



















