ফারুয়া ও বড়থলির পাহাড়চূড়ায় হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল প্রশাসন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের নির্বাচনী কার্যক্রমকে নির্বিঘ্ন করতে দুর্গম এলাকায় বিশেষ তৎপরতা শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের আরও দুটি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারযোগে জনবল ও নির্বাচনী সরঞ্জাম সফলভাবে পৌঁছানো হয়েছে।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
যেসব কেন্দ্রে মালামাল পাঠানো হয়েছে সেগুলো হলো— ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলার মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব কেন্দ্রে সরাসরি যাতায়াতের জন্য কোনো সড়ক বা নৌপথের ব্যবস্থা নেই। যে কারণে এসব স্থানে নির্বাচনী সরঞ্জাম, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনা-নেওয়ায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান জানান, বিলাইছড়ি জোন হতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ সহযোগিতায় এই হেলিকপ্টার মিশন পরিচালিত হচ্ছে। এর আগে গতকাল বড়থলি ইউনিয়নের বড়থলি, রাইমংছড়া এবং প্রাংজংপাড়া কেন্দ্রে মালামাল পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতেও পর্যায়ক্রমে নিরাপত্তা নিশ্চিত করে সরঞ্জাম পাঠানো হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে একইভাবে হেলিকপ্টারে করে নির্বাচনী ফলাফল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপজেলা সদর এবং সেখান থেকে জেলা সদরে ফিরিয়ে আনা হবে। প্রতিকূল পরিবেশে এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ইউএনও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

















