বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এসএসসিএইচটি কার্যালয়ে আগুন


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারি কোয়াটারে ভয়াবহ আগুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (এসএস সিএইচটি) কার্যালয় সহ আলি আকবর হোসেন নামে এক সিএনজি চালকের বাড়ি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্যমতে আগুনের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবীর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে আগুনের বিষয়টি স্থানীয়দের নজরে আসে পরে সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর যোগ দেয় দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিস দল। আগুনের সময় বাড়ি ও কার্যালয়ে কেউ ছিলো না বলে জানায় পুলিশ।
ফায়ার সার্ভিস টিম এর ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দেশের সর্ব বৃহত্তর উপজেলা এখনো কোন ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের জোর দাবি জানান স্থানীয়রা।
















