বান্দরবানের থানচিতে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, অপহরণকারী আটক

fec-image

বান্দরবানের থানচিতে এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক অপহৃত বাঙালি ঠিকাদার মোঃ আমু হোসেন (৫০)-কে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে অপহৃত ঠিকাদারের কাছ থেকে নেওয়া মুক্তিপণের নগদ ৩ লক্ষ টাকাসহ অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য মাংলে ম্রোকে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার ( ২২ মে) জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বলিপাড়া জোন ( ৩৮ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মে ২০২৬ তারিখে থানচি উপজেলার বিভিন্ন নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার মোঃ আমু হোসেনকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর পরিবারের কাছ থেকে মুক্তিপণের দাবিও জানানো হয়। বিষয়টি খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) তৎপর হয়ে বিশেষ একটি অভিযান চালায়।

অভিযানটি গভীর রাতে, থানচি উপজেলার পাহাড়ি এলাকায় অত্যন্ত কৌশল ও পরিকল্পিতভাবে পরিচালিত হয়। বিজিবির পেশাদারিত্ব ও তাৎক্ষণিক কৌশলগত সিদ্ধান্তের কারণে ঠিকাদারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানিয়েছেন, আটককৃত ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। থানচি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও অনেকের ওপর নজরদারি চালানো হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের যৌথ সমন্বয়ে আগামী দিনে আরও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেছেন, “বান্দরবানের থানচি পর্যটনবান্ধব এলাকা, এখানে কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সর্বসাধারণের সহযোগিতায় বিজিবি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন