বান্দরবানের থানচি উপজেলার বন্যার্তদের পাশে বিজিবির খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত

fec-image

বান্দরবানের থানচি উপজেলার বন্যার্তদের পাশে খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সপ্তাহখানেক ধরে টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে বলিবাজার এলাকার প্রায় ৩০টি পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার, (৯ জুলাই) বিকেলে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের খোঁজখবর নেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা ৩০টি পরিবারের শিশুসহ শতাধিক বন্যার্তের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে অধিনায়ক উপজেলার বিভিন্ন স্থানের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে থেকে বিজিবির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

এ সময় বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বন্যা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন