বান্দরবান-চট্টগ্রাম সড়কে চালু হলো বিআরটিসি’র এসি বাস


দীর্ঘদিনের পরিবহণ সিন্ডিকেট ভেঙ্গে অবশেষে পর্যটন শহর বান্দরবান-চট্টগ্রাম সড়কে যাত্রা শুরু হয়েছে বিআরটিসির এসি বাস সার্ভিস। মানুষের দাবির প্রতি মূল্যায়ন করায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষের প্রতি সাধুবাদ জানিয়েছেন বান্দরবানের জনগণ। রবিবার (২৭ অক্টোবর) সকালে শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে নতুন এসি বাস চালু করা হয়।
এদিকে বান্দরবান জেলা থেকে চট্টগ্রাম সড়কে প্রশস্থ ও আরামদায়ক সিট সমৃদ্ধ এসি বাস সার্ভিস চালু হওয়ায় খুশি যাত্রীরা। সরকারি পরিবহণ সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বান্দরবান এবং চট্টগ্রাম উভয় দিক থেকে প্রতিদিন ৩টি বিআরটিসি বাস চলাচল করবে এবং পরবর্তীতে স্থানীয়দের চাহিদার প্রেক্ষিতে আরো বাস চালুর কথা জানান বিআরটিসি বাস সার্ভিসের কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সড়কে চালু হওয়া নতুন এই পরিবহণে যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে ২টি এলইডি মনিটর। ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১৫০টাকা। প্রতিদিন বান্দরবান থেকে ৩টি এবং চট্টগ্রাম থেকে ৩টি এসি বাস বান্দরবান চট্টগ্রাম সড়কে যাত্রী পরিবহণ করবে।
এদিকে দীর্ঘদিন ধরে বান্দরবানে পূর্বানী ও পূরবী নামক দুটি পরিবহণ লক্কর ঝক্কর মার্কা পরিবহণ নিয়ে যাত্রীদের জিম্মী করে রাখার অভিযোগ ছিল। একটি জেলা শহর থেকে বিভাগীয় শহরে অন্য কোন পরিবহণ চালু করতে গেলেই অদৃশ্য ক্ষমতা প্রয়োগ করে আসছিল সিন্ডিকেটটি। যার কারণে যাত্রীরা পূরবী-পূর্বানীর কাছে জিম্মী ছিল। বিআরটিসির নতুন এসি বাস কর্তৃপক্ষ দেশী-বিদেশী পর্যটকদের আধুনিক মানের সেবা প্রদানের মাধ্যমে বান্দরবানকে আরো একধাপ এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে চট্টগ্রাম সড়কে সিন্ডিকেট ভাঙ্গার পর পর্যটন শহর কক্সবাজার সড়কেও বিআরটিসির নতুন এসি বাস চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। তাদের মতে পর্যটকরা বিশেষ করে কক্সবাজার ও বান্দরবান সড়কে নিয়মিত যাতায়ত করে। এই অবস্থায় কক্সবাজার সড়কেও আধুনিক বাস সার্ভিস চালু হলে যাত্রীদের নিরাপদ যাতায়াতে সহায়ক হবে।

















