কক্সবাজারে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান

‘ভোটে পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা’

fec-image

কক্সবাজার পৌরসভা নির্বাচনে কেউ পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রত্যেকটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।

শনিবার (৩ জুন) সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে বাতিল করা হবে প্রার্থীতা। নির্বাচনে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হবে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেন, আপনারা আমার আসল রূপটা হয়তো দেখেননি। আমি কম বুঝি সোজা বুঝি। উপরে আল্লাহ নীচে বিবেক। এর মাঝামাঝি আমার আর কিছু কাজ করে না। কোন চাপ, শক্তি, প্রলোভন নীতিপথ থেকে আমাকে সরাতে পারে না। যারা আমার সঙ্গে কাজ করেছে তারা আমাকে চেনে। কেউ অন্যায় করলে, আচরণবিধে লঙ্ঘন করলে দুই কলম লিখে দেন। ভিডিও ফুটেজ দেন। দেখেন, কী কাজ হয়। তাকে ঢাকায় তলব করে ব্যবস্থা নেওয়া হবে। কোন ছাড় নাই। প্রয়োজনে প্রার্থীতা বাতিল করব।

উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার আরো বলেন, অনুগ্রহ করে সঠিক কাজটা করেন। আমরা কেন আপনার দিকে আঙ্গুল তুলবো? আমার দিকে যদি কেউ আঙ্গুল তুলে, আমি তার আঙ্গুলটা ভেঙ্গে দিতে চাই। আমার দ্বারা অন্যায়, অবিচার এবং পক্ষপাতিত্বমূলক কিছুই হয় না। আমি আত্মবিশ্বাসী। কথাগুলো কিন্তু আমি বলছি এক বছর তিন মাস পরে। এক বছর প্রমাণ করেছি।

ইভিএমে ভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। একদিন সময় আসবে যারা স্বচ্ছ ভোট চায়, যারা সৎ মানুষ, যাদের কালো টাকা নাই তাদের জন্য একমাত্র পন্থা ইভিএম।

আমরা সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগিতা দরকার।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন।

সদর নির্বাচন অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নৌকার মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, জগদীশ বড়ুয়া পার্থ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমানসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন।

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় ১২টি ওয়ার্ডে মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। অস্থায়ী বুথ রয়েছে আরো ১৪ টি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন