মাটিরাঙ্গার শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বন্ধু জুনিয়র
সিনিয়র রিপোর্টার:
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও মাটিরাঙ্গার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গার ব্যাতিক্রমী সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র। উপজেলা প্রশাসনের সহায়তায় মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ সংগঠনটি।
মঙ্গলবার বিকালে নতুনপাড়া জামে মসজিদ মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মমিউর রহমান।
বন্ধু জুনিয়র টিমের এ উদ্যোগের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মমিউর রহমান বলেন, সমাজের প্রত্যেকটি মানুষের উচিত এ সময়ে শীতার্তদের পাশে দাঁড়ানো। যার যার স্বামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, সরকার বা প্রশাসনের দিকে না তাকিয়ে বিত্তবানদেরও উচিত প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসা।
শীতবস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, সাংবাদিক সাগর চক্রবর্তী কমল ও বন্ধু জুনিয়র‘র সভাপতি মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।



















