মাটিরাঙ্গায় শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
মাটিরাঙ্গা সংবাদদাতা :
উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্ককে কাটিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের টানা অবরোধের মধ্যেই শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবছর মাটিরাঙ্গার ৫টি কেন্দ্রে এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পাঁচ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৭‘শ ৩৬ জন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।
মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৪‘শ ৯১জন এবং গুইমারা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২‘শ ৮৬জন, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যায় পরীক্ষা কেন্দ্রে ৭‘শ ৪১জন, মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ৮০জন এবং তবলছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ১‘শ ৩৮জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে।
উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল। এদিকে পরিক্ষা কেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বলে এ প্রতিনিধিকে জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ ‘নকলমুক্ত পরিবেশে এবছর মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বেপারী জানান, পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল।



















