মানিকছড়িতে বেইলী ব্রিজে ট্রাক আটকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির গচ্ছাবিল বাজার সংলগ্ন বেইলী ব্রিজের পাটাতন খুলে ইট বোঝাই ট্রাক আটকে পড়ায় মঙ্গলবার রাত পৌনে নয়টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক নং চট্রমেট্রো-ট-১১-২৬০৭ মানিকছড়ির গচ্ছাবিল বাজারস্থ বেইলী ব্রিজে উঠলে বিকট শব্দে পাটাতন খুলে আটকে পড়ে। এতে ট্রাকটির পিছনের একটি চাকা দেবে যায়। যার ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ২ আনসার ব্যাটালিয়ন, সেনাবাহিনী ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মো. মাসুদ জানান, ব্রিজে আটকে পড়া ট্রাকটি দ্রুত সরিয়ে নেয়াসহ যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।


















