মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের জবাব চাইলেন উমামা ফাতেমা


ডাকসু নির্বাচন কমিশনের কাছে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের জবাব চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী উমামা ফাতেমা।
৩০ আগস্ট শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী ফাতেমা তাসনিম মহান মুক্তিযুদ্ধে চাকমা সম্প্রদায়ের অবদান অস্বীকার করেছেন।
ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ‘আমরা প্যানেলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের জবাব চাই। মহান মুক্তিযোদ্ধাদের অবদানকে অবমাননা করে যে প্রার্থী বক্তব্য দেয়, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলটির কাছে জবাব চাই। তাঁরা এই বক্তব্য সমর্থন করেন কি না, জানাতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উক্ত প্যানেলের পক্ষ থেকে যথাযথ জবাব আশা করছি।’

















