মুয়াজ্জিনদের কাজে লাগাবে সরকার


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এজন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা ও মোবাইলফোন নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।
এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইলফোন নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একইসঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঈদ উপলক্ষে দেশব্যাপী বিদ্যুৎ পরিস্থিতি তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।















