যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আজ জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার সাথে এ বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন 'রিসিপ্রোকাল ট্যারিফ' নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার সময়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছিলেন। দেশে ফিরে আজ তিনি এ বিষয়ে আজ জরুরি বৈঠকের ডাক দিলেন।
ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে। তিনি বলেন, 'আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।'
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে বাসসকে এ কথা বলেন।

















