ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে : ইরানের প্রেসিডেন্ট


ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই রোববার (১৯ এপ্রিল) তিনি এ বক্তব্য দেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে না দেওয়ার কথা বললেও এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেননি। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্প বলছেন, ইরান তার পারমাণবিক অধিকার ভোগ করতে পারবে না। কিন্তু ঠিক কী অপরাধের জন্য পারবে না, সেটা তিনি বলছেন না। একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা কিছুটা এগোলেও এখনো চূড়ান্ত সমঝোতা অনেক দূরে। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা হবে না।
গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ’ যুক্তরাষ্ট্রের প্রতারণার মাধ্যমে আলোচনার সময়ই শুরু হয়েছিল। তিনি দাবি করেন, অতীতের সংঘর্ষগুলোও কমান্ডারদের হত্যার মাধ্যমে শুরু হয়েছিল।
সূত্র: আল-জাজিরা

















