নদীতে কাঁকড়া ধরতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ সা মং চিং চাকমা


কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে সা মং চিং চাকমা (৪০) নামে এক ব্যক্তি গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সা মুং চিং চাকমা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বা ঘোনার উগবা চাকমার ছেলে।
গত বুধবার (২২ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া এলাকার নাফনদীতে কাঁকড়া ধরতে গেলে সীমান্তে এই নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ সা মং চিং চাকমা পরিবারের দাবি, মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে ধরে নিয়ে গিয়ে থাকতে পারে।
সা মং চিং চাকমার স্ত্রী চামমি ইয়াউ চাকমা বলেন, আমার স্বামী তার আত্মীয় ইবা চিং চাকমাকে সঙ্গে নিয়ে গত বুধবার (২২ এপ্রিল) সকালে নাফনদীর উলুবনিয়া ও পালংখালি সীমান্ত এলাকায় কাঁকড়া ধরতে যান। পরে ইবা চিং চাকমা ফিরে এলেও আমার স্বামী আর বাড়িতে ফেরত আসেনি।
তিনি বলেন, স্বামী বাড়িতে না ফেরায় আমরা নাফনদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি দাবি করেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন হোয়াইক্যংয়ের উলুবনিয়া ও পালংখালি সীমান্তের ওপারে মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে আটক করে নিয়ে গেছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সা মং চিং চাকমা নামে এক ব্যক্তি নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
উৎসঃ দেশ রুপান্তর অনলাইন (২৭ এপ্রিল)
















