রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটিতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন- সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মো. মহিউদ্দিন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বাঙালি সংস্কৃতির নানা প্রতিকৃত, ব্যানার, ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রা শেষে শহীদ আব্দুল আলী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।

















