রাঙামাটি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুছাকে দুদকে তলব


নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক জেলা সমন্বিত কার্যালয়ে হাজী মুছা মাতব্বর, তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে অর্জিত সব সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
গত ২৪ জুন দুদক জেলা সমন্বিত কার্যালয় রাঙামাটির উপপরিচালক জাহিদ কালাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরের বিরুদ্ধে নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (১) উপধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক জেলা সমন্বিত কার্যালয়-রাঙামাটি কার্যালয়ে হাজির হয়ে নিজের, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে অর্জিত সব সম্পদের বিবরণী দাখিল করতে হবে তাকে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে তার বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী মামলা হতে পারে।
অভিযোগের বিষয়ে হাজী মুছা মাতব্বর বলেন, আমার বিরুদ্ধে হয়তো কেউ অভিযোগ করায় দুদক তলব করছে। দুদকের কাজ দুদক করবে। দুদক সম্পদের যে বিবরণী দিতে বলেছে, তা জমা দিতে আমার কোনো সমস্যা নেই।

















